সিরাজগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও এক যাত্রী আহত হন। তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম। এর আগে শুক্রবার ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশির ছেলে ঠাকুর হালদার (৭০) ও কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে অটোরিকশাচালক আশিক (৩৫)।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিযোগে সিরাজগঞ্জ শহরের দিকে আসছিলেন।
দ্রুত গতির অটোরিকশাটি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার নিহত হন। আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন স্থানীয়রা। খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিয়ে বাড়ি চলে যান।
নিহত অটোরিকশাচালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন বলেন, ভোরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আশিক। সকাল ৬টার দিকে খবর আসে চাচা দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘটনাস্থলে এসে দেখি তিনি মারা গেছেন। পরে মরদেহ নিয়ে আমরা বাড়ি চলে আসি।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাছাড়া বিষ্ণ হালদার নামে আরও একজন আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ নিয়ে স্বজনরা বাড়ি চলে যায়। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

