রাজশাহীতে সরকার কর্মচারীর ছদ্মবেশে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত গভীর রাতে নগরীর কয়েরদাঁড়া খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের থেকে দু’টি হাসুয়া, তিনটি মোবাইল ফোনসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এরা হচ্ছে ছোটবনগ্রামের এহসান উদ্দিনের ছেলে হাসান মুক্তাদির কিউট ও কয়েরদারা খ্রিষ্টানপাড়ার জাকির হোসেনের ছেলে সিফাজ হোসেন।
পুলিশ জানায়, হাসান মুক্তাদির কিউটের নিকট লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা হাসুয়া, ওয়্যারলেস সদৃশ মোবাইল ও স্মার্ট মোবাইল ফোন এবং সিফাজের নিকট কাঠের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা হাসুয়া ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দু’জন ছিনতাইয়ের পরিকল্পনার কথা স্বীকার করেছে। হাসান মুক্তাদিরের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৭টিসহ বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। সিফাজের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১টি ও চারঘাট থানায় মাদকের মামলা রয়েছে।
পুলিশ জানায়, হাসান মুক্তাদির ওয়্যারলেস সদৃশ মোবাইল ব্যবহার করে সরকারি কর্মচারীর ছদ্মবেশে ছিনতাই ও অপরাধ সংঘটনের চেষ্টা করে আসছে। সরকারি কর্মচারী না হলেও পুলিশের মনোগ্রাম ব্যবহার ও ওয়্যারলেস সদৃশ মোবাইল দেখিয়ে ছিনতাই করার অভিযোগে বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। এধরনের প্রতারণা ও অপরাধ থেকে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আরএমপি।

