সরকারি বরাদ্দের লবণ গোপনে বিক্রি, মাদ্রাসা সুপারকে জরিমানা

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৯:১০

রাজশাহীর দুর্গাপুরে কোরবানির সময়ে সরকারি বরাদ্দের ৩৬ বস্তা লবণ গোপনে বিক্রির অভিযোগে মাদ্রাসার সুপারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

শুক্রবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাহিদ হাসান (৩৫)। তিনি উপজেলার নওপাড়া ইউপির পালশা নতুনহাট এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোরবানির ঈদে ওই মাদ্রাসায় চামড়া সংরক্ষণে সরকারিভাবে লবণ বরাদ্দ দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানের গোডাউন থেকে অব্যবহৃত ৩৬ বস্তা লবণ গোপনে বিক্রি করেন মাদ্রাসা সুপার জাহিদ। বিষয়টি জানার পর স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসন ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্ত জাহিদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সরকারি বরাদ্দের লবণ গোপনে বিক্রির দায়ে ভ্রামমাণ আদালত মাদ্রাসা সুপার জাহিদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। পরে তাকে আটক করা হয়। সর্বশেষ জরিমানা পরিশোধ করে তিনি ছাড়া পান।   

ইত্তেফাক/এপি