যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া আবারও চালু করা অসম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এ জন্য ওয়াশিংটনকে একটি বিষয় বুঝতে হবে চাপ প্রয়োগ করে কোনো ফল পাওয়া যায় না।
শুক্রবার (২৮ জুলাই) ইরানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান আরাগচি।
তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়াকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা অসম্ভব নয়। তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে, চাপ প্রয়োগ কোনো কাজে আসে না।
আরাগচি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে আস্থা তৈরি করতে হবে, সম্মানের সঙ্গে কথা বলতে হবে, ইরানের অধিকার স্বীকার করতে হবে এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে কাতার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার তেহরান সফর করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ। সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের সংলাপ শুরুর পরিবেশ তৈরির উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি হরমুজ প্রণালির মধ্য দিয়ে অস্থায়ী যৌথ নৌ চলাচল করিডোর চালু এবং সমুদ্র থেকে মাইন অপসারণের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরান-সংঘাত শুরু হওয়ার পর কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এটিই ছিল প্রথম ইরান সফর।
সূত্র: আনাদোলু এজেন্সি

