বার্সেলোনায় যাওয়া হচ্ছে না আলভারেজের, দলে টানার চেষ্টা ইংলিশ ক্লাবের 

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২০:৫৬

প্রায় শেষের দিকে ইউরোপীয় ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা।  এই শেষ মুহূর্তে আক্রমণভাগ আরও শক্তিশালী করতে অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে টানার চেষ্টা চালাচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, আলভারেজকে পেতে বিশাল অঙ্কের এক আর্থিক প্রস্তাব তৈরির প্রস্তুতি নিচ্ছে আর্সেনাল। অ্যাতলেতিকো মাদ্রিদ তাদের এই তারকা ফরোয়ার্ডকে কোনোভাবেই লিগ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বিক্রি করতে রাজি নয়। আর এই সুযোগটিকেই শতভাগ কাজে লাগাতে চাইছে গানার্সরা।

এদিকে ব্রাজিলের তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্সেনাল। তাকে সৌদি আরবের ঐতিহ্যবাহী ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে উত্তর লন্ডনের এই ক্লাবটি। 

দ্য সান আরও জানিয়েছে, মার্টিনেল্লির বিকল্প হিসেবে এভারটনের সেনেগালিজ ফরোয়ার্ড ইলিমান এনদিয়েকে আনার পরিকল্পনা চলছে। তবে এই দৌড়ে আর্সেনালের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ম্যানচেস্টার সিটিও।

ইত্তেফাক/জেডএইচ