শত্রুদের জন্য ইরানের ঝুলিতে বহু ‘বিস্ময়’ জমা আছে: আল-রেজা

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৮:৫৩

শত্রুদের মুখোমুখি হওয়ার জন্য তেহরানের ঝুলিতে বহু ‘বিস্ময়’ জমা রয়েছে বলে জানিয়েছে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা। শুক্রবার (২৮ আগস্ট) বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে তিনি এই মন্তব্য করেন।

মজিদ ইবনে আল-রেজা বলেন, বিস্ময়গুলো নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা উচিত নয়। তবে ইরানের জ্ঞান, দেশটির তরুণ সমাজ এবং প্রতিরক্ষা শিল্পে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো ঈশ্বর চাইলে ইতিবাচক বার্তা নিয়ে আসবে। বিশেষ করে শত্রুদের জেনে রাখা প্রয়োজন, উপযুক্ত সময়ে তারা ইরানের এসব গোপন সক্ষমতা সম্পর্কে জানতে পারবে।

এর আগের দিন তাসনিম নিউজ এজেন্সির অন্য একটি প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, যুদ্ধক্ষেত্রের বাস্তব পদক্ষেপে ইরান ইতোমধ্যে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে, আঘাত করে পালিয়ে যাওয়া, মহাসাগর পাড়ি দিয়ে সৈন্য মোতায়েন এবং হুমকি দেওয়ার দিন এখন শেষ।

তিনি আরও বলেন, গণমাধ্যমের উদ্দেশ্যপ্রণোদিত প্রচার যুদ্ধক্ষেত্রের আসল সত্য বা বিজয়ী পক্ষকে পরিবর্তন করতে পারে না। প্রতিপক্ষকে হাজার বছরের ইরানি ইতিহাস পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়ে তিনি জানান, ইরানি জাতির সাথে সর্বদা সম্মানের ভাষায় কথা বলতে হবে।

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/টিএইচ