অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর ঐতিহাসিক সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে ফেরার পর তাদের শুভেচ্ছা জানান বিসিবির কয়েকজন পরিচালক। এ সময় ক্রিকেটারদের মিষ্টিমুখও করানো হয়। এরপর সাংবাদিকদের সামনে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ করেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের।
জুবায়ের বলেন, ‘এটা টিম গেইম। চিন্তার জায়গা তো আছেই। ব্যাটাররা ভালো করলে হয়তো দ্বিতীয় ম্যাচে আরও ভালো করা যেত। সেখানে টস অনেক জরুরি ছিল। উইকেটে টেনিস বল বাউন্স ছিল যেটা আমরা মানিয়ে নিতে পারিনি। সেখানে আমাদের একটু সমস্যা হয়েছে। পেসাররা ভালো হলে আপনি আশা করতে পারেন যে বাইরের দেশে গিয়ে টেস্ট ম্যাচ জিতবেন, ২০ উইকেট নিতে পারবেন। এটা ভালো সাইন। আশা করি সামনে এই ফর্মটা তারা ধরে রাখতে পারবে।’
তালহা জুবায়ের মনে করেন দ্বিতীয় টেস্টে টস জিতলে দৃশ্যপট আলাদা হতে পারতো। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে আমরা দাপট দেখিয়ে হারাব এতগুলো সেশন, কোনো সেশনেই তারা প্রথম টেস্টে আমাদের সাথে পারেনি।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় টেস্টে তারা যেভাবে কামব্যাক করেছে, আমরা জানতাম তারা অনেক শক্তভাবে কামব্যাক করবে। সেখানে টস অনেক জরুরি ছিল, টস আমাদের পক্ষে আসলে খেলা ঘুরে যেতে পারত। অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার। এটা বিশ্বকে একটা বার্তা দেওয়া যে, আমরা আসলে যে কাউকে হারাতে পারি। এই অভিজ্ঞতা আমাদের সামনের সফরগুলোতে কাজে লাগবে।’
প্লেয়ারদের সঙ্গে ড্রেসিংরুমে, মাঠে, মাঠের বাইরে কাজ করা নিয়ে তালহা জানান, ‘আমি অনেক দিন ধরে কাজ করছি, কোচিং করাচ্ছি। ফলে অত নতুন ছিল না। শুধু কাদের নিয়ে প্ল্যান সাজাচ্ছি সেই ব্যাটারগুলো নতুন ছিল। অজি ব্যাটারদের দুর্বলতা বের করা, আমাদের অ্যানালিস্ট শাওন অনেক সাহায্য করেছে। তাদের দুর্বল জায়গাতে আমরা অনেক বল করেছি।’
তালহা জুবায়ের আরও বলেন, ‘টেস্ট জেতার পর যেখানে গিয়েছিল সেখানেই সমর্থন পেয়েছি। বাংলাদেশি বাদেও অন্যান্য দেশের যারা ক্রিকেট ফলো করেন, সবাই আমাদেরকে সমর্থন করে গেছেন। সবাই অনেক সমর্থন করেছে। অনেক ফোন কল পেয়েছি, এটা অবশ্যই ভালো লাগার মত ব্যাপার।’

