ফিফার নিষেধাজ্ঞা এক ডজন থেকে তিনটিতে নেমেছে

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১২:৫৪

বড় দল বলতে মোহামেডান, আবাহনী এবং বসুন্ধরা কিংস ফিফার নিষেধাজ্ঞায় আটকে ছিল। মোহামেডান এবং আবাহনী নিষেধাজ্ঞা মুক্ত হলেও এখনো আটকে আছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, এখনো মুক্ত হতে পারেনি। এক ডজন নিষেধাজ্ঞায় পড়েছিল কিংস। সেখান থেকে কমতে কমতে এখন আরও তিনটি নিষেধাজ্ঞা রয়েছে। এগুলো কাটিয়ে আবার ফুটবলে ফিরবে, তাই তাদেরকে সময় দেওয়া হয়েছে।

গতকাল ছিল ক্লাব লাইসেন্স করার শেষ দিনক্ষণ। বাফুফে সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার পর্যন্ত ক্লাব লাইসেন্সিং করার সুযোগ রয়েছে। এরপর আর থাকবে না।' 

থাকবে না, থাকবে না- কথাটা বাফুফে বার বার বলে আসছে। আর কোনো ডেট বাড়ানো যাবে না। তারপরও বাফুফে তার উদার নীতির কারণে কিংস ফিরে আসার দুয়ার খোলা পাচ্ছে। বড় ক্লাব এরকম সুবিধা পেয়ে থাকে।

বসুন্ধরা কিংস টাকা জোগাড় করছে আর একটা করে নিষেধাজ্ঞা কাটাচ্ছে। গতকাল রাতে ফিফার ওয়েবসাইটে দেখা যায় কিংসের নামে আরও তিনটি নিষেধাজ্ঞা রয়েছে। বসুন্ধরা কিংসের একটি সূত্র জানিয়েছে অবশিষ্ট তিনটি নিষেধাজ্ঞা কয়েক দিনের মধ্যেই কাটিয়ে উঠবে। সঙ্গে সঙ্গে খেলোয়াড় রেজিষ্ট্রেশনও করিয়ে ফেলবে। ১টি নিষেধাজ্ঞা থাকলেও খেলোয়াড় রেজিষ্ট্রেশন করা যাবে না।

ইত্তেফাক/জেডএইচ