জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চতুর্থ ফটকে ১৫ আগস্টে উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভার প্রচারণামূলক ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ফটকে ব্যানারটি দেখা যায়।
ব্যানারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভার প্রচারণা করা হয়েছে। ভার্চুয়ালি আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিফাত আব্দুল্লাহ বলেন, ‘শোক দিবসের আলোচনা সভার প্রচারণার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গেটে ব্যানারটি প্রদর্শন করা হয়েছে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম ‘সুপার ইউনিট’ দাবি করে তিনি বলেন, ‘দুঃসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের ভূমিকা আরও শক্তিশালী হয়ে ওঠে। খুব শিগগিরই আমরা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং ছাত্রলীগ করার কারণে যেসব শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে, তাঁদের জন্য বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করব।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার আঁধারমুক্ত হয়ে গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে—এই প্রত্যয় ব্যক্ত করছি।’

