সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৬:২৬

জ্বালানি সংকট থাকলে বিরোধী দলের লং মার্চে প্রায় এক লাখ লিটার তেল কোথা থেকে আসবে—এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধী দলের অভিযোগের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মঞ্চের পেছনে বিদ্যুতের ফ্যান চালিয়ে বিদ্যুৎ নেই—এমন অভিযোগ করলে বিষয়টি সাধারণ মানুষকে বিবেচনা করতে হবে।’

তিনি বলেন, ‘বিরোধী দলের ৫ তারিখের লং মার্চে যে পরিবহন ব্যবহার করা হবে, সেখানে প্রায় এক লাখ লিটার তেল ব্যবহার হবে। জ্বালানির যদি সংকটই থাকে, তাহলে তারা এই তেল কোথায় পাবে?’

সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায় জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সাময়িক যে অসুবিধা তৈরি হয়েছিল, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ক্ষমা চাওয়া হয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সরকারের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মসূচি রয়েছে। চলমান সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী সংসদের মাধ্যমে জাতির সামনে এসব পরিকল্পনা তুলে ধরবেন।

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন
চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সরকার কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে শতভাগ সহযোগিতা করবে।

কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার বাইরে না যায়, সে বিষয়ে সরকারের শতভাগ নজর থাকবে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এসজেএস