বাল্যবিয়ের আসরে হট্টগোল, কনে-বরকে নেওয়া হলো থানায়

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৮:১৬

নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ের আসরে হট্টগোলের ঘটনা ঘটেছে। বাল্যবিয়ে রুখতে প্রশাসনের অভিযানে হামলার জেরে এই হট্টগোলের সূত্রপাত বলে জানিয়েছে প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও তার সঙ্গে থাকা প্রশাসনের লোকজনের হামলার ঘটনা ঘটেছে। পরে বর-কনেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আটক করা হলো- বর আল আমিন, মাহতাব ও ১২ বছর বসয়ী কনে (বয়স ১৮ বছরের কম হওয়ায় সাংবাদিকতার নীতি অনুযায়ী নাম প্রকাশিত হয়নি)।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সমসপাড়াতে ৭ম শ্রেণী পড়ুয়া (১২) এক ছাত্রীর বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান শেষে আসামি নিয়ে ফেরার সময় উপজেলা নির্বাহী অফিসারের দলের ওপর হামলা এবং বরকে ছিনতাইয়ের চেষ্টা চালায় তার স্বজনসহ ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বরসহ তিনজনকে আটক করে।

আত্রাই থানার ওসি মো. মাহবুব আলম জানান, খবর পাওয়া মাত্রই দ্রুত অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠিয়ে বরসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।  সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন অমান্য করে বাল্যবিবাহের আয়োজন এবং সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি