গাজীপুরের কাপাসিয়ায় গরুর ঘাস খাওয়ানো ও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে নিলয় সরকার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার পাবুর দক্ষিণপাড়া এলাকার চান্দুন আবদুর রশীদ এতিমখানার পাশে সড়কে এ ঘটনা ঘটে।
নিহত নিলয় সরকার চাঁদপুর ইউনিয়নের চান্দুন গ্রামের মনির সরকারের একমাত্র ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পাবুর দক্ষিণপাড়া এলাকায় গরুর ঘাস খাওয়া এবং জমিজমা নিয়ে নিলয়ের পরিবারের সঙ্গে তাঁর চাচাতো ভাই রাসেল সরকারের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ঘটনার দিন নিলয় পাশের বলখেলা বাজার থেকে বাবার জন্য ওষুধ কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পাবুর দক্ষিণপাড়া এলাকায় রাসেল সরকার গাছের আড়াল থেকে বের হয়ে চলন্ত মোটরসাইকেলে থাকা নিলয়ের মাথায় দা দিয়ে কোপ দেন বলে অভিযোগ রয়েছে।
এতে নিলয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খেয়ে পড়ে যান। এ সময় রাসেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিলয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সেখানে সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে। অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

