কড়াইল বস্তিতে কবুতরের ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেপ্তার ৩

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০২:০৪

রাজধানীর কড়াইল বস্তিতে কবুতরের ব্যবসা ও সমিতি পরিচালনার আড়ালে মাদক কারবার চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রানা (৩৮), কথিত মাদক কারবারের গডফাদার ‘কবুতর মমিনের’ স্ত্রী নুরুন্নাহার (৪০) এবং মো. আশরাদুল ইসলাম (২৮)।

ডিএনসি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৬১০ গ্রাম হেরোইন, ২৫৩টি ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ মাদক বিক্রির ৪৩ লাখ ৬ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কথিত গডফাদার ‘কবুতর মমিন’ পালিয়ে যান।

শনিবার (২৯ আগস্ট) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাজিউর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পাঁচটি পৃথক দল কড়াইল বস্তিতে অভিযান চালায়। দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তথ্য অনুযায়ী অধিদপ্তরের তালিকাভুক্ত কথিত গডফাদার কবুতর মমিনের বাসায় বিপুল পরিমাণ মাদক মজুতের তথ্য পাওয়া যায়। পরে তার কবুতরের দোকান, পরিচালিত সমিতি ঘর, মোবাইল ব্যাংকিং পরিচালনার দোকান ও বসতঘরে অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নুরুন্নাহার জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন। এর অর্থ নিজেদের মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন করা হতো বলেও জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

রাজিউর রহমান আরও জানান, একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

ইত্তেফাক/এমএস