হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে তেল পরিবহন স্বাভাবিকভাবে চলছে যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করেছে ইরান। তেহরানের একটি নিরাপত্তা সূত্র বলেছে, ওই পথে বিপুল পরিমাণ তেল পরিবহনের যে চিত্র ওয়াশিংটন তুলে ধরছে, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শনিবার (২৯ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওই নিরাপত্তা সূত্র দাবি করে, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য ‘মাঠপর্যায়ের বাস্তবতার বিপরীত’। বিশ্ববাজারে জ্বালানির দাম ও পরিস্থিতি প্রভাবিত করার লক্ষ্যে এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তর ‘মনস্তাত্ত্বিক প্রচারণার’ অংশ বলেও দাবি করা হয়।
ইরানি সূত্রটির ভাষ্য, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্নে হচ্ছে এমন একটি ধারণা তৈরি করতে চাইছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের নির্ধারিত উত্তরাঞ্চলীয় রুটকে অকার্যকর হিসেবে তুলে ধরার চেষ্টা করছে ওয়াশিংটন।
তবে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও দাবি করেছে ওই সূত্র। ইরানের নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে কয়েকটি জাহাজে হামলা এবং সতর্কবার্তা দেওয়ার পর কিছু তেলবাহী জাহাজের গতিপথ পরিবর্তনের ঘটনাকে এর প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে।
ইরানি নিরাপত্তা সূত্রটি আরও প্রশ্ন তোলে, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে যদি সত্যিই তেল পরিবহন স্বাভাবিক থাকে, তাহলে ওয়াশিংটন কেন তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দিচ্ছে?
তেহরানের দাবি, হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য আন্তর্জাতিক জনমত ও জ্বালানি বাজারকে প্রভাবিত করার কৌশলের অংশ। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি নিরাপত্তা সূত্রের এসব বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: প্রেস টিভি

