স্ত্রীকে ‘আপু’ ডাকা যাবে?

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৫:০৭

প্রশ্ন: স্ত্রীকে ‘আপু’ বললে কি তালাক হয়ে যাবে বা কোনো কাফফারা দিতে হবে? উত্তর: স্ত্রীকে আপু বা বোন বলে ডাকা মাকরুহ।

হাদিসে এভাবে সম্বোধন করতে নবীজি (সা.) নিষেধ করেছেন।

হাদিসে আছে, এক ব্যক্তি তার স্ত্রীকে বোন সম্বোধন করলে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অপছন্দ করেন এবং এমনটি বলতে নিষেধ করেন। (সুনানে আবু দাউদ ১/৩০১; মুসান্নাফ আবদুর রাযযাক ৭/১৫২)

সুতরাং এমন সম্বোধন থেকে বিরত থাকতে হবে। তবে এ কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।

স্বামী-স্ত্রী পরস্পরকে এমন শব্দ বা নামে ডাকা সমীচীন যা থেকে স্বাভাবিক সম্মান ও ভালোবাসা প্রকাশ পায়, অসম্মান প্রকাশ না পায়। তারা পরস্পরকে সন্তানদের নামের সাথে সম্পৃক্ত করে ডাকতে পারে। নাম ধরেও ডাকতে পারে যদি তা তাদের সংস্কৃতিতে অপমানসূচক না হয় এবং কেউ অপমান বোধ না করে।

আবু তমিমা আল জুহামী (রা.) বলেন, এক ব্যক্তি তার স্ত্রীকে বললো, ‘হে আমার বোন’, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, সে কি তোমার বোন? তিনি তার এ রকম সম্বোধনকে অপছন্দ করলেন এবং এ রকম সম্বোধন করতে নিষেধ করলেন। (সুনানে আবু দাউদ: ২২০৪)

তাই স্ত্রীকে বোন, আপু ইত্যাদি বলে সম্বোধন করা থেকে বিরত থাকতে হবে, স্ত্রীও স্বামীকে ভাই, ভাইয়া ইত্যাদি সম্বোধন করা থেকে বিরত থাকবে।

তবে স্বামী যদি স্ত্রীকে বোন বা আপু বলে ডাকে অথবা স্ত্রী যদি স্বামীকে ভাই বা ভাইয়া বলে ডাকে, তাহলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না; তালাক হবে না বা কোনো কাফফারাও দিতে হবে না।

ইত্তেফাক/পিএস