সাভারে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি বেলাল কুমিল্লায় গ্রেপ্তার

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৯:৪৫
সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি মো. বেলাল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার সকালে কুমিল্লার বুড়িচং থানার গোল্ডেন টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৩০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৪।
 
র‍্যাব জানায়, নিহত তরুণীর বয়স ১৯ বছর। তিনি আশুলিয়ার একটি চুল কারখানায় কাজ করতেন। প্রায় এক বছর আগে পারিবারিকভাবে বেলাল মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তারা আশুলিয়ায় কারখানার পাশের একটি ভাড়া বাসায় থাকতেন। নিহত তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সকালে নিহতের ভাই ঘুমিয়ে থাকা অবস্থায় বেলাল চুপিসারে ঘরে ঢুকে তাঁর শাশুড়ি ও শ্যালকের স্মার্টফোন নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। দরজা বন্ধ করার শব্দে নিহতের ভাইয়ের ঘুম ভেঙে গেলে বেলাল পালিয়ে যান। পরে নিহতের মা ও ভাই তরুণীর কক্ষের দরজা বাইরে থেকে ছিটকিনি দেওয়া দেখতে পান। দরজা খুলে ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় গলায় আঘাতের চিহ্ন এবং দুই হাতের কব্জির রগ কাটা অবস্থায় পাওয়া যায়।
 
র‍্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে স্ত্রীকে গলায় আঘাত ও দুই হাতের কব্জির রগ কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই বেলালকে গ্রেপ্তারে তদন্ত চালিয়ে আসছিল র‍্যাব। তাঁর অবস্থান শনাক্তের পর কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার বেলাল মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
 
 
ইত্তেফাক/এমএএম