যাত্রীবাহী বাসে মিললো ২৪ হাজার ইয়াবা

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২১:০৪

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচল করা ‘স্পেশাল পালং সার্ভিস’ পরিবহনের একটি বাস থেকে ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় গাড়িটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে কক্সবাজার সদরের লিংকরোড এলাকার বাংলাদেশ বেতার কার্যালয়ের সামনের সড়কে অভিযানে গাড়ি তল্লাশির পর ইয়াবাগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

আটকরা হলেন, গাড়িটির চালক আখতার হোসেন ও হেলপার ইয়াসিন আরাফাত।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, উখিয়া থেকে কক্সবাজার শহরের দিকে আসা স্পেশাল পালং সার্ভিসের একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে বিশেষ কায়দায় লুকানো ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানকালে ইয়াবাগুলো গাড়ির চালক ও হেলপারই কৌশল করে লুকিয়ে আনছিলেন প্রমাণ হওয়ায় তাদের দুজনকেই আটক করা হয়েছে।

ওসি আরও জানান, উদ্ধার ইয়াবার উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এপি