লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:০৪

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় ঘাঁটি দুটির প্রযুক্তিগত ও পুনর্গঠন সক্ষমতা ধ্বংস হয়েছে। একই সঙ্গে শত্রুপক্ষের বিমান পরিচালনার অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান।

আইআরজিসি বলেছে, ইরানের বিরুদ্ধে চালানো প্রতিটি হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি।

এর আগে রোববার ইরানের লারাক দ্বীপে আইআরজিসির দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় কয়েকজন আইআরজিসি সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, মাইনবাহী দুটি মার্কিন জাহাজে হামলার প্রস্তুতি নিচ্ছিল রকেট উৎক্ষেপণকারী স্থাপনা দুটি। এ সময় সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়।

ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন বাহিনী লারাক দ্বীপ ও আশপাশের এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, লারাক দ্বীপে হামলার জন্য দায়ীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আইআরজিসি।

সূত্র: আলজাজিরা

ইত্তেফাক/এসজে