এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ আজ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১০:০৯

জাতীয় দলের পাইপ লাইন অনূর্ধ্ব-২০ ফুটবল দল। কিন্তু এই দলটা এবার বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বাছাইয়ে খেলতে উজবেকিস্তান গেছে। এএফসির বাছাই খেলা। রাজধানী তাসখন্দে আজ রাত সাড়ে ৮টায় বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে। এর আগেই বাংলাদেশের 'বি' গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ ভারত ও সিরিয়া মুখোমুখি হবে।

বাংলাদেশের দলটা যাওয়ার আগে নানা বিতর্কে জড়িয়েছিল। বিশেষ করে দলের ইংলিশ কোচ জেরার্ড জোরান্স এবং সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে ঘটে যাওয়া ঘটনায় ফুটবল অঙ্গনে দলের অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশ্ন উঠেছিল। মূলত ম্যানেজারই দলের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু তার দায়িত্ব ছিল প্রশ্নবিদ্ধ। 

তাসখন্দে পৌঁছানোর আগে নানা বিড়ম্বনায় পড়েছেন ফুটবলাররা। দুই ভাগে ঢাকা থেকে যেতে হয়েছে। বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনে দীর্ঘ অপেক্ষা, পথে ট্রফিক জ্যাম, অনুশীলন মাঠ পছন্দ ছিল না, চার দিনের সরকারি ছুটির মধ্যে পড়ে দলের সাধারণ কেনাকাটায় বিড়ম্বনায় পড়তে হয়েছিল। এখন পরিস্থিতি কাটিয়ে উঠেছে।

এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবলের খেলা আট দেশে অনুষ্ঠিত হচ্ছে। ১১ গ্রুপে ৪২টি দেশ বাছাইয়ে অংশগ্রহণ করছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন এবং ১১ গ্রুপের সেরা সাত রানার্সআপ দল আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে উঠবে। বাংলাদেশ দেখছে সম্ভাবনা। এবারের দলে পাঁচ জন প্রবাসী বাংলাদেশি ফুটবলার রয়েছেন। 

গত এপ্রিলে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই দলটা এবার এশিয়া কাপে খেলতে গেলেও সাফ চ্যাম্পিয়ন দলে খেলা দুই ভাই রোনাল সুলিভান এবং ডেকলান সুলিভান আসতে পারেননি। তাদের বিশ্ববিদ্যালয় ছুটি দেয়নি। বাংলাদেশের দ্বিতীয় খেলা ৩ সেপ্টেম্বর সিরিয়া এবং শেষ ম্যাচ ৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

ইত্তেফাক/জেডএইচ