শাহজালালে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ ২৮ লাখ টাকার পণ্য জব্দ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১২:২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ প্রায় ২৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

রোববার (৩০ আগস্ট) রাতে বিমানবন্দরের বি ও সি-শিফটের পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বি-শিফট দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটে বিশেষ নজরদারি চালায়।

গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী মো. হিমেলের ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম পাওয়া যায়। একই ফ্লাইটের আরেক যাত্রী শারমিন আক্তারের ব্যাগেজ থেকে আরও ২৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

বি-শিফটের অভিযানে মোট ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে, সি-শিফট দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে অভিযান চালায়। রাত সোয়া ২টার দিকে ফ্লাইটটি অবতরণের পর যাত্রী মহাথে হাসান বাবুর ব্যাগ তল্লাশি করে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়।

একই ফ্লাইটের যাত্রী সোহদুল হাসান শাকিলের ব্যাগেজ থেকে ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম ও ৩ কেজি জর্দা উদ্ধার করা হয়।

এ ছাড়া কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রী রফিকুল সরদারের ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়।

সি-শিফটের অভিযানে মোট ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস হোয়াইটেনিং সিরাম, ৫ কেজি জর্দা ও ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, দুই শিফটের পৃথক অভিযানে মোট ৬২৫ কার্টন বিদেশি সিগারেট, হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

এসব পণ্য কী উদ্দেশ্যে আনা হয়েছিল এবং সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, তা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 
ইত্তেফাক/আইএ