বান্দরবানের থানচিতে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যান্ড স্কুজার গাড়ি উল্টে দেরাজ মিয়া (৬০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অবৈধ পাথর ব্যবসায়ী আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) রাতে থানচির তমাতুঙ্গী সড়কের ‘১০ কিলো’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেরাজ মিয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকার কবির আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাড়িতে করে অবৈধ পাথর ব্যবসায়ী লেমনপাড়া থেকে থানচির দিকে ফিরছিলেন। ফেরার পথে ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে চালক নিহত হয়। এ ঘটনায় আহত হয় গাড়ী থাকা আরও অবৈধ তিন পাথর ব্যবসায়ী। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বান্দরবান পুলিশ সুপার থা. ওয়াবুল ইসলাম খন্দকার বলেন, ‘থানচিতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’

