ভারতের রাজধানী দিল্লির খসড়া ভোটার তালিকা সোমবার (৩১ আগস্ট) প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) কার্যক্রম শেষে প্রকাশিত এই তালিকা থেকে মোট ১ কোটি ৪৫ লাখ ভোটারের মধ্যে বাদ পড়েছেন প্রায় ৪৭ লাখ ৭০ হাজার জন। আগামী ৪ নভেম্বর দিল্লির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
দিল্লির প্রধান নির্বাচনি কর্মকর্তা অশোক কুমার জানিয়েছেন, যারা খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম-৬ পূরণ করে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। ভোটাররা নির্বাচন কমিশনের ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে নিজেদের নাম তালিকায় আছে কি না, তা সহজেই যাচাই করতে পারবেন।
নির্বাচন কমিশনের সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত পাওয়া সব দাবি ও আপত্তি পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্পত্তি করা হবে।
৩০ জুন থেকে ১৭ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে চালানো বিশেষ নিবিড় সংশোধনী কার্যক্রমে প্রায় ৯৭ দশমিক ৫ লাখ ভোটারের তথ্য সংগ্রহ ও ডিজিটাইজ করা হয়েছে। এই তথ্যই খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দিল্লির মোট ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার ২৯৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৭ দশমিক ১৮ শতাংশের তথ্য এই প্রক্রিয়ায় ডিজিটাইজ করা সম্ভব হয়েছে। বাকি ৪৭ লাখ ৭০ হাজার ভোটারকে অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত, দ্বৈত নাম বা অন্যান্য কারণে ‘অসংগ্রহযোগ্য’ হিসেবে চিহ্নিত করে খসড়া তালিকা থেকে বাদ রাখা হয়েছে।
দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ডিজিটাইজেশনের হারে বেশ তারতম্য দেখা গেছে। উত্তর-পশ্চিম দিল্লির রোহিনীতে সর্বোচ্চ ৮৩ দশমিক ৪৩ শতাংশ ডিজিটাইজেশন হয়েছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদে সর্বনিম্ন ৫২ দশমিক ১৫ শতাংশ রেকর্ড করা হয়েছে।
হালনাগাদ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যেই বাড়ি বাড়ি গিয়ে এসআইআর কার্যক্রম চালানো হয়েছিল। যাদের তথ্য সংগ্রহের সময় পাওয়া যায়নি, তারা এখন দাবি ও আপত্তি প্রক্রিয়ার মাধ্যমে খসড়া তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

