‘আমাদের বাঁচান ভাই’—স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৬:৫৬

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’— মৃত্যুর আগ মুহূর্তে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই আকুতি জানিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ (২৭)। পরিবারের সুদিন ফেরাতে ইউরোপে গিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। সেখানে নতুন জীবন শুরুর আগেই মাদ্রিদের একটি বাইসাইকেল গ্যারেজের আগুন কেড়ে নিল তার প্রাণ।

স্পেনের রাজধানী মাদ্রিদে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ও শ্বাসরোধ হয়ে গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। পরিবারের ভাষ্য, দীর্ঘ অপেক্ষার পর কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) পাওয়ার মাত্র দুই দিনের মাথায় ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা।

এর আগে রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসুয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এই ঘটনা ঘটে।

নিহত ইউসুফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। পেশায় তিনি ফুড ডেলিভারি রাইডার ছিলেন (পাসপোর্ট নম্বর: A14584713)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্বজনরা জানান, প্রতিদিনের মতো ডেলিভারির সাইকেল আনতে ওই গ্যারেজে যান ইউসুফ। এ সময় সেখানে থাকা একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে পুরো গ্যারেজে আগুন ও বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। ইউসুফসহ তিনকর্মী ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে মাদ্রিদ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিষাক্ত গ্যাস অপসারণ করে। তবে ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার অন্য দুই সহকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউসুফের মামাতো ভাই, বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত জুনে ভাগ্য পরিবর্তনের আশায় স্পেনে পাড়ি জমানো এই তরুণের আকস্মিক মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি কালীগঞ্জে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রবাসীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে বিষাদের আবহ।

ইত্তেফাক/এপি