ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে আরও একটি মাস, আগামীকাল থেকেই শুরু হচ্ছে সেপ্টেম্বর। সে হিসাবে ২০২৬ সাল শেষ হতে বাকি আর মাত্র চার মাস। বছর ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই কমছে সরকারি ছুটির তালিকাও। বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য আর মাত্র পাঁচ দিনের ছুটি অবশিষ্ট রয়েছে। তবে এর মধ্যে দুটি ছুটিই পড়ে গেছে সাপ্তাহিক ছুটির দিনে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিনই পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।
বর্তমানে সরকারি চাকরিজীবীদের হাতে থাকা পাঁচ দিনের সরকারি ছুটির মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় অতিরিক্ত কর্মদিবসের ছুটি মিলবে না। সেপ্টেম্বর মাসের ৪ তারিখ জন্মাষ্টমী উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। তবে দিনটি পড়েছে শুক্রবারে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ উপলক্ষে সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাবেন না।
অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে দুই দিনের ছুটি। আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।
বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুই দিনের সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।
তবে বড়দিনের ছুটিও পড়েছে শুক্রবারে। ফলে সেপ্টেম্বরের জন্মাষ্টমী ও ডিসেম্বরের বড়দিন দুটি সরকারি ছুটিই সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে সেই ‘দুঃসংবাদ’। সব মিলিয়ে বছরের বাকি চার মাসে সরকারি ছুটির তালিকায় পাঁচ দিন থাকলেও অতিরিক্ত কর্মদিবসের ছুটি মিলবে মাত্র তিন দিন।

