টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সৈয়য়দপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে হামলার অভিযোগ উঠেছে। এসময় দুজন শিক্ষার্থীদের মারধরের পাশাপাশি শিক্ষকদেরও কথ্য গালিগালাজ করা হয়।
সোমবার (৩১ আগস্ট) এই হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা কক্ষে প্রবেশ করে শিক্ষকের সামনেই দুই শিক্ষার্থীকে বেদম পিটুনি দেয়। হামলায় আহত দুই শিক্ষার্থী এখন গোপালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোপালপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্কুলের প্রধান শিক্ষক সেলিম হোসেন জানান, গত বৃহস্পতিবার প্রেমঘটিত ঘটনা নিয়ে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। ওই দিনই শিক্ষকরা সেটি মীমাংসা করে দেন। কিন্তু সেই ঘটনার জেরে অষ্টম শ্রেণির ছাত্রদের পক্ষ নিয়ে বহিরাগত একদল কিশোর সোমবার সকাল ১১টায় জোরপূর্বক স্কুলে ঢুকে সবাইকে গালিগালাজ শুরু করেন। এরপর তারা ইট হাতে নবম শ্রেণির ক্লাসে ঢুকে জাহিদ ও রাকিবুল নামক দুই শিক্ষার্থীকে শিক্ষকের সামনেই পেটাতে থাকে। অন্যান্য শিক্ষকরা ফেরাতে গেলে গালিগালাজ এবং ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।
এসময় ভীতিকর পরিবেশের সৃষ্টি হলে আতঙ্কে অন্য শিক্ষার্থীরা স্কুল ছেড়ে বেরিয়ে আসে।
অভিভাবক আবুল হোসেন অভিযোগ করেন, ছাত্রদের মধ্যে ছোটখাটো মারামারি হতেই পারে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেটি মীমাংসাও হয়ে গিয়েছিল। কিন্তু সেটা নিয়ে বহিরাগত সন্ত্রাসীরা যেভাবে ক্লাস রুমে হামলা ও মারপিট চালিয়েছে তা লজ্জাজনক। এদের শাস্তি হওয়া দরকার।
স্কুলের শরীরচর্চা শিক্ষক হাবিবুর রহমান জানান, ক্লাস চলাকালে সময়ে এ ভবে সন্ত্রাসী কায়দায় হামলা মেনে নেওয়া যায় না। আহত দুই শিক্ষার্থীকে গোপালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে গোপালপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
গোপালপুর থানার ওসি মো. রুহুল আমীন জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

