জামালপুরের মাদারগঞ্জে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে কিশোরী রুপসীকে সেচ পাম্প হাউজে নিয়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার করেছে বলে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তার আসামি আল জিহাদ রাকিব।
সোমবার (৩১ আগস্ট) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে কিশোরী রূপসী আক্তারকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে রাকিব।
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজ রহমান ভূইয়া আসামির জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে সোমবার (৩১ আগস্ট) রাত ১২টা ১৫মিনিটে জেলার মেলান্দহ-ইসলামপুর সীমান্তবর্তী এলাকা হারগিলা বাজার সংলগ্ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার চর পাকের দহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার আল মামুন আহমেদের ছেলে।
এদিকে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় জানান, সোমবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের কিশোরীকে বাড়ির বাইরে ডেকে নিয়ে চরপাকেরদহ ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় শাকিলের সেচ পাম্পের পাশের পরিত্যক্ত টিনশেড পাম্প হাউজে নিয়ে যায় আল জিহাদ। সেখানে প্রেমের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে আল জিহাদ কিশোরী রুপসীর গলায় তার পরনের ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে৷
পরদিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ১ নম্বর চরপাকেরদহ এলাকার শাকিলের সেচপাম্পের ভেতর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে এ ঘটনায় কিশোরীর বাবা মো. ছায়ের উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। পরে তদন্তের ভিত্তিতে ঘটনায় জড়িত জিহাদ গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় জানান, ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মো. আল জিহাদকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং কিশোরী রূপসী আক্তারকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে।
তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না এবং পারিপার্শ্বিক বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

