ই-সেবা নিতে গিয়ে ৬১ শতাংশ নারী অনাকাঙ্ক্ষিত যোগাযোগের শিকার: সিপিডি

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৯:৩৭

সরকারি ই-সেবা ব্যবহারের পর দেশের ৬১ শতাংশ নারী পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত যোগাযোগের শিকার হয়েছেন বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সুশাসন নিয়ে সংস্থাটির পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়েছে, মাত্র ৩১ দশমিক ৯ শতাংশ নারী সম্পূর্ণ অনলাইনে সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া শেষ করতে পারেন। অন্যদিকে, অধিকাংশ নারীকে কাগজপত্র জমা দিতে কিংবা প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরে সশরীরে যেতে হয়।

গবেষণায় আরও দেখা গেছে, সরকারি সেবা নিতে গিয়ে ৬ দশমিক ৬ শতাংশ নারী ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

গোপনীয়তা নিয়েও রয়েছে গভীর উদ্বেগ। জরিপে অংশ নেওয়া ৭৩.২ শতাংশ নারী তথ্য ফাঁস বা হ্যাকের আশঙ্কায় ভোগেন, আর মাত্র ৬০.১ শতাংশ নিজেদের তথ্যকে আংশিক নিরাপদ মনে করেন।

সচেতনতা ও অংশগ্রহণেও রয়েছে বড় ঘাটতি। মাত্র ২৩.৭ শতাংশ নারী কখনো ডিজিটাল সাক্ষরতা কর্মসূচিতে আমন্ত্রিত হয়েছেন, আর ৮৩.৩ শতাংশ কখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি।

এই পরিস্থিতি থেকে উত্তরণে নারীদের গোপনীয়তা সুরক্ষায় নির্দিষ্ট ব্যবস্থা, সহজগম্য অভিযোগ ব্যবস্থা এবং নারীকেন্দ্রিক ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি জোরদারের সুপারিশ করেছে সিপিডি।

ইত্তেফাক/এমএস