বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও আলিম স্তরে প্রচলিত ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন করে ‘মানবিক শাখা’ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের মানবিক শাখার সঙ্গে সামঞ্জস্য তৈরি এবং শিক্ষার্থীদের শিক্ষাগত পরিচিতি আরও স্পষ্ট করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৬ জুলাই অনুষ্ঠিত বোর্ডের অ্যাকাডেমিক কমিটির সভায় শাখার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বোর্ড জানিয়েছে, শুধু শাখার নাম পরিবর্তন করা হয়েছে। এর ফলে শিক্ষাক্রম, পাঠ্যসূচি, বিষয় কাঠামো, নম্বর বণ্টন, মূল্যায়ন পদ্ধতি, পরীক্ষা-সংক্রান্ত নিয়ম বা শিক্ষাগত যোগ্যতার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ‘সাধারণ শাখা’র পরিবর্তে ‘মানবিক শাখা’ নাম ব্যবহার করা হলেও বর্তমান শিক্ষা ও মূল্যায়ন কাঠামো আগের মতোই থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সাল থেকে দাখিল ও আলিম পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যাকাডেমিক, দাপ্তরিক ও প্রশাসনিক সব কার্যক্রমে ‘সাধারণ শাখা’র পরিবর্তে ‘মানবিক শাখা’ নাম ব্যবহার করতে হবে।
এ জন্য দেশের সব মাদ্রাসা, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রয়োজনীয় কার্যক্রমে নতুন নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ইতোমধ্যে ‘সাধারণ শাখা’ নামে সম্পন্ন হয়েছে, তাদের ক্ষেত্রে আগের রেজিস্ট্রেশন অনুযায়ী ‘সাধারণ শাখা’ নামই বহাল থাকবে।
অর্থাৎ, নতুন নামটি মূলত ২০২৭ সাল থেকে দাখিল ও আলিম পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে।

