সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে তিনি অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পক্ষ অঞ্চলে যুদ্ধ চালিয়ে যেতে গভীর আগ্রহী।
সোমবার (৩১ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করা হয়। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি এবং যুদ্ধকে স্বাগত জানায়নি। তবে যুক্তরাষ্ট্র চুক্তি ও অঙ্গীকার পূরণে ব্যর্থ হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে হরমুজ প্রণালি সংলগ্ন সামুদ্রিক নিরাপত্তা, নৌ চলাচল সুগম রাখা এবং চাবাহার বন্দরের অগ্রগতি ও যৌথ সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত কথাবার্তা হয়।
দক্ষিণ-পূর্ব ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের একটি বিশেষ টার্মিনালে ভারতের প্রায় ১২ কোটি ডলারের বিনিয়োগ রয়েছে। তবে প্রকল্পটিতে মার্কিন নিষেধাজ্ঞার বিশেষ ছাড়ের মেয়াদ গত রোববার শেষ হওয়ায় আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যিক কূটনীতিতে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সূত্র: আল-জাজিরা

