গেল ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন গল্প নিয়ে আবারও বড় পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন এই দুই তারকা।
তবে কোনো নাটক বা ওয়েব কনটেন্টে নয়, পুরোপুরি বাণিজ্যিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নাম লেখালেন এই জুটি। ছবির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। সিনেমাটি ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমাটির খবর নিশ্চিত করেছেন শরিফুল রাজ। সেখানে তিনি লিখেছেন, ‘ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।’
রাজের এই পোস্ট প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন চলচ্চিত্রটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। রহস্য ও রোমাঞ্চনির্ভর ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে ‘বুড়িগঙ্গা টকিজ’-এর ব্যানারে। ছবিটি প্রযোজনা করছেন নির্মাতা ও প্রযোজক তানিম নূর।
‘কানাভুলা প্যারাডক্স’ বুড়িগঙ্গা টকিজের তৃতীয় প্রযোজনা। সিনেমাটির মাধ্যমে চিত্রপরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ দুই নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের।
সিনেমাটির গল্প রোমান্টিক ধারার প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে সময়ের জটিল সমীকরণ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে কেন্দ্র করে সাজানো হয়েছে বলে জানা গেছে। গল্পের প্রধান দুই চরিত্রে শরিফুল রাজ ও সাবিলা নূরকে দর্শকরা ভিন্ন ধরনের লুকে দেখতে পাবেন। চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের উপস্থাপনায়ও থাকছে নতুনত্ব।
এর আগে গত ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি হয়ে বড়পর্দায় হাজির হয়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই জুটির সাফল্যের পর এবার আরও ভিন্নধর্মী গল্প নিয়ে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারা।
নতুন সিনেমাটিকে ঘিরে নির্মাতা, শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে খুব বেশি তথ্য প্রকাশ করা না হলেও রাজের সংক্ষিপ্ত বার্তা এবং গল্পের ধরন এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘কানাভুলা প্যারাডক্স’ দর্শকদের কেমন সাড়া পায়, সেটিই এখন দেখার বিষয়।

