জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের (৫৬) মারা যাওয়ার ঘটনায় প্রধান আসামি পনি ওরফে প্যারা পনিরসহ গ্রেপ্তার তিন আসামিকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
অন্য আসামিরা হলেন- প্যারা পনিরের সহযোগী সেড্রিক জুলিয়ান (২৪) এবং মোটরসাইকেলটির মালিক মো. রাকিব হোসেনকে (২৪)।
সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অজ্ঞাতপরিচয় আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ এবং মূল হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে তাদের জিজ্ঞেসাবাদ করা একান্ত প্রয়োজন।
আসামিপক্ষে আইনজীবী আমির উদ্দিন আমিরসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গতকাল রোববার রাজধানীর পূর্ব তেজতুরি বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে সন্দেহভাজন এই তিনজনকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
উল্লেখ্য, রনজিলা পারভিন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁদের গ্রামের বাড়ি গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামে।
রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়া থেকে বাসে করে ঢাকায় আসেন রনজিলা পারভিন ও তার স্বামী আবদুল মতিন। ভোরে কল্যাণপুর টার্মিনালে বাস থেকে নেমে তাঁরা অটোরিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে আসতেই একটি মোটরসাইকেলে করে এসে পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা।
এ ঘটনায় রনজিলা পারভিন অটোরিকশা থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে থাকা স্বামী তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

