ঢাকা সিটি কলেজ 

ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে ৬৯ বছরের শিক্ষা-অভিযাত্রা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪

ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা সিটি কলেজ । ১৯৫৭ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ৬৯ বছরের পথচলায় শিক্ষা, সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি কলেজের রয়েছে নিজস্ব ক্যাম্পাস, বহুতল একাডেমিক ভবন, আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ ও বিভিন্ন শিক্ষাসহায়ক সুবিধা। উচ্চমাধ্যমিক থেকে স্নাতক (সম্মান), প্রফেশনাল ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানে।

উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ রয়েছে । স্নাতক (সম্মান) পর্যায়ে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইংরেজি, বাংলা, অর্থনীতি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। পাশাপাশি বিবিএ ও সি.এস.ই (প্রফেশনাল), এমবিএ, এমএ ও এমএসএস (অর্থনীতি)সহ বিভিন্ন স্নাতকোত্তর কার্যক্রম রয়েছে।

শিক্ষার মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা অনুসরণ করে। পরিকল্পিত পাঠদান, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, সেমিস্টার পরীক্ষা, মডেল টেস্ট, কুইজ টেস্ট ও সারপ্রাইজ টেস্ট এবং প্রস্তুতিমূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন করা হয়। প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষাতেও শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় অভিজ্ঞ, প্রশিক্ষিত ও আন্তরিক শিক্ষকদের তত্বাবধানে । শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, উপস্থিতি ও আচরণ পর্যবেক্ষণে গাইড টিচার পদ্ধতি অনুসরণ করা হয়। অভিভাবকদের সঙ্গেও যোগাযোগ রাখাসহ বর্ণাঢ্য অভিভাবক দিবস উদ্‌যাপন করা হয়।

সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কলেজে প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব, আইসিটি-সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা ও বিজ্ঞানাগার। তথ্যপ্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হতে সহায়তা করছে।

পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রোভার স্কাউট, গার্ল গাইডস, শিক্ষা সফর, কলেজ ম্যাগাজিন ও জার্নাল, সামাজিক ও মানবিক কার্যক্রম, কাউন্সেলিং এবং ব্যক্তিত্ব উন্নয়ন কর্মসূচি পরিচালিত হয়।

শিক্ষার্থীদের কল্যাণে রয়েছে শিক্ষাবৃত্তি, দরিদ্র তহবিল, স্বাস্থ্য সহায়তা, কাউন্সেলিং ও জরুরি সহায়তার ব্যবস্থা । বিগত ০৯ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে সারা দেশে নটরডেম কলেজের পরেই দ্বিতীয় স্থান অর্জন করেছে সিটি কলেজ। ঐতিহ্যবাহী ঢাকা সিটি কলেজ এইচএসসি ২৮ ব্যাচের মেধাবী শিক্ষার্থীদের স্বাগত ও অভিনন্দন জানায়।

ঐতিহ্য, শৃঙ্খলা, একাডেমিক উৎকর্ষ, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে কলেজটি আগামী দিনের জন্য দক্ষ, নৈতিক, উদ্যোক্তা-মনস্ক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।

ইত্তেফাক/এএইচপি