যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সমর্থন জানানোয় ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ‘নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অক্ষমতার’ পরিচায়ক হিসেবে আখ্যা দিয়েছে ইরান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই অভিযোগ করেন।
ইসমাইল বাঘেই লিখেছেন, ‘ইইউ মনে হচ্ছে মার্কিন বলপ্রয়োগের কাছে নিজেদের সার্বভৌমত্ব, আইন ও নীতি-নৈতিকতা বিসর্জন দিচ্ছে।’
তেহরানের বিরুদ্ধে একপেশে ও বেআইনি অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ইইউয়ের সমর্থন আন্তর্জাতিক আইন ও তাদের নিজস্ব নীতিমালার পরিপন্থী বলে প্রশ্ন তোলেন বাঘেই। তিনি জানান, ওয়াশিংটনের অন্যায্য অর্থনৈতিক যুদ্ধে সমর্থন দেওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এই অপকর্মের জন্য প্রতিটি সদস্য রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে।
ইরানি এই মুখপাত্র আরও উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন একদিকে উত্তেজনা কমানো ও আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলবে, অন্যদিকে ওয়াশিংটনের ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদকে’ সমর্থন দেবে— এই দুটি অবস্থান একসঙ্গে চলতে পারে না।
সূত্র: মিডল ইস্ট আই

