ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবারের (১ সেপ্টেম্বর) এই হামলা কিয়েভে টানা ষষ্ঠ দিনের রুশ হামলা বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে নিহত আটজনের মধ্যে তিনজন শিশু। আহত হয়েছেন আরও পাঁচজন। রাজধানীর বিভিন্ন এলাকায় হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। জরুরি সেবা বিভাগের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
কিয়েভ অঞ্চলের বরিসপিল শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত এবং শিশুসহ আরও নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের আঞ্চলিক গভর্নর তিমুর তকাচেঙ্কো।
প্রতিদিন কিয়েভ ও আশপাশের এলাকায় রুশ হামলার কারণে লাখো মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। মঙ্গলবার ভোরে ইউক্রেনের অধিকাংশ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়।
ইউক্রেনের সীমান্ত এলাকা ছাড়াও দেশটির জ্বালানি ও সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলা বাড়িয়েছে বলে জানিয়েছে কিয়েভ। মঙ্গলবারের হামলায় ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের একটি সীমান্ত পারাপারও বন্ধ হয়ে যায়।
এদিকে রাশিয়াতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ রপ্তানি বন্দর উস্ত-লুগা এলাকায় ড্রোন হামলায় আগুন ধরে যায়। একই সময়ে মস্কোতে ড্রোন প্রতিহত করার চেষ্টা চালানো হয়।
রাশিয়ার সামারা অঞ্চলেও হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। ওই অঞ্চলে বেশ কয়েকটি বড় তেল শোধনাগার রয়েছে এবং এটি মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
তবে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। হামলায় ক্ষয়ক্ষতির এসব তথ্য রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
শান্তি প্রচেষ্টা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে তার বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়েছে। শান্তি প্রচেষ্টা এগিয়ে নিতে তাদের ইউক্রেন সফরের তারিখ চূড়ান্ত করার কাজ চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে, একই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মানবতার স্বার্থে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। জবাবে পুতিন বলেন, মস্কো এই পথেই এগিয়ে যাচ্ছে।
যুদ্ধের প্রভাব ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতেও পড়ছে। রাশিয়ার সীমান্তবর্তী ন্যাটোভুক্ত দেশগুলো নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। ড্রোনের তৎপরতার মধ্যে লাটভিয়ায় ন্যাটোর বাল্টিক আকাশ নজরদারি মিশনের যুদ্ধবিমান সক্রিয় করা হয়। রাশিয়ার কাছাকাছি এলাকায় ফিনল্যান্ডও আকাশ ও সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা মঙ্গলবার দেশটিতে বিমান হামলার সতর্কতা জারির পর ন্যাটোর দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন।

