তিউনিসিয়ার মধ্যাঞ্চলীয় কাইরুয়ান ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিলিয়ানা প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তিউনিসিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপের বরাতে জানা গেছে, কাইরুয়ানের এল উয়েসলাতিয়া জেলার কাইতুন পর্বত এলাকায় আগুনের তীব্রতা বাড়লে প্রায় ১০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়। দাবানলের সূত্রপাত মূলত সিলিয়ানা অঞ্চলের বারগু পর্বত এলাকায়। পরে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত কাইরুয়ানের দিকে ছড়িয়ে পড়ে। বাতাসের তীব্রতার কারণে আগুন খুব দ্রুত বসতি এলাকার কাছাকাছি পৌঁছে গেলে স্থানীয় প্রশাসন দ্রুত পরিবারগুলোকে সরিয়ে নিয়ে একটি স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করে।
সিলিয়ানার কৃষি উন্নয়নবিষয়ক আঞ্চলিক কমিশনার জামাল আল-ফারচিচি জানান, প্রচণ্ড বাতাসের কারণে বুলেমান পাহাড়ের আগুন ছড়িয়ে পড়ে সিলিয়ানা ও কাইরুয়ানের সীমান্তঘেঁষা বারগু জেলার আইন বুসাদিয়া এলাকায় পৌঁছেছে। সেখান থেকেও বেশ কিছু পরিবারকে উদ্ধার করে সামার ক্যাম্প ও প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই দাবানলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দাবানল নিয়ন্ত্রণে স্থলভাগের পাশাপাশি আকাশপথেও অভিযান চালানো হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় আগুন নেভাতে সামরিক বাহিনীর দুটি বিমান মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জাগুয়ান, কাইরুয়ান ও কেফ প্রদেশ থেকে অতিরিক্ত অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
এর আগে রোববার আরও ১০টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় দাবানলের আতঙ্ক ও তীব্র ধোঁয়ায় ১৮ জন অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আবহাওয়া সংক্রান্ত সংস্থা তিউনিসিয়ান অবজারভেটরি অব ওয়েদার অ্যান্ড ক্লাইমেট জানিয়েছে, দেশটিতে বর্তমানে নজিরবিহীন তাপপ্রবাহ চলছে। কাইরুয়ানে সর্বোচ্চ ৪৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাস দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

