সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৯

চলন্ত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারীকে তিনজন মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ট্রেনটির পরবর্তী স্টপেজে অভিযান চালিয়ে ৪৪ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, সোমবার রাতে কান্নাজড়িত কণ্ঠে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, চলন্ত ট্রেনে তাকে তিনজন মিলে ধর্ষণ করেছে। ৯৯৯-এর সদস্যরা ট্রেনটির অবস্থান শনাক্ত করে পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কনস্টেবল মো. কাইফ শাহ। পরে কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী নারী ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত কোনো টিকিট ছাড়াই ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে ওঠেন। পরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা জানান।

এরপর ট্রেনের ক্যান্টিন বয় ও আরও দুই ব্যক্তি তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিন বয়দের কক্ষে নিয়ে যান। সেখানে তিনজন মিলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

৯৯৯ থেকে খবর পাওয়ার পর শান্তাহার রেলওয়ে থানার একটি দল ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে অভিযান চালায়। এ সময় পুলিশ ওই নারীকে উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবু বক্কর নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার মৃত মাসুদ রানার ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এসএ