দেব-শুভশ্রীর মতো অভিমান ভুলে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৫

দীর্ঘ বিরতির পর দেব ও শুভশ্রী গাঙ্গুলির একসঙ্গে পর্দায় ফেরার খবরের মধ্যেই টলিপাড়ায় নতুন করে আলোচনায় এসেছে রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর পেশাগত পুনর্মিলন। প্রায় ১১ বছর পর ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন প্রাক্তন এই প্রেমিক-প্রেমিকা। তবে এবার পরিচালক হিসেবে নয়, প্রযোজকের ভূমিকায় থাকছেন রাজ চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের একটি বিশেষ প্রজেক্টে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে কাজ করবেন মিমি। সারভাইভাল থ্রিলারধর্মী এই প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে থাকবেন একজন নারী। এটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী।

রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার মাধ্যমে বড় সাফল্য পান মিমি চক্রবর্তী। এরপর ‘যোদ্ধা’ ও ২০১৫ সালের ‘কাঠমাণ্ডু’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তারা। কাজের সূত্রেই একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি। এরপর রাজ চক্রবর্তী বিয়ে করেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে।

সেসময় মিমিকে ঘিরে নানা খবরও ছড়িয়ে পড়েছিল। এমনকি মিমি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও সে সময় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

এরপর দীর্ঘ ১১ বছর পর এবার রাজের প্রযোজনা সংস্থার নতুন প্রজেক্টে কাজের প্রস্তাব পেয়েছেন মিমি। জানা গেছে, ইতোমধ্যে তার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন মিমি।

রাজ-মিমির ফের একসঙ্গে কাজের খবর প্রকাশ্যে আসার পর থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে একই সময়ে দেব-শুভশ্রীর দীর্ঘ বিরতির পর একসঙ্গে পর্দায় ফেরার বিষয়টি সামনে আসায় দুই জুটির পেশাগত প্রত্যাবর্তনকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে।

তবে রাজ-মিমির নতুন কাজের পেছনে ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রভাব রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাক্তন প্রেমিক দেবের সঙ্গে শুভশ্রীর ফের কাজ করা কিংবা ব্যক্তিগত কোনো অভিমান থেকে রাজ এই প্রজেক্টে মিমিকে নিয়েছেন—এমন নানা আলোচনা থাকলেও সেগুলো আপাতত নিছক জল্পনাই।

ব্যক্তিগত সম্পর্কের অতীত পেরিয়ে রাজ ও মিমির এই পেশাগত পুনর্মিলন শেষ পর্যন্ত পর্দায় কেমন ফল দেয়, সেটিই এখন দেখার বিষয়।

 
ইত্তেফাক/এসজেএস