জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৫

সুপ্রিম কোর্টের সাবেক এক বিচারপতি, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, আইনজীবী, বিশিষ্ট ব্যবসায়ী, আলেম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার ৬৫০ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে তাদের ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে দলে বরণ করে নেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাসব্যাপী দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণ শাখা এই সমাবেশের আয়োজন করে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, জামায়াতে ইসলামীতে যোগদানকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ।

যোগদানকারীদের মধ্যে আরও রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ, ডা. হুমায়ন কবির ও ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদ। রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন, ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু এবং ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমর।

এ ছাড়া আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ কোল্লল, কওমি আলেম মুফতি আবুল কালাম আজাদ মাদানী, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন (রসুলপুরী) এবং মাওলানা হাসান জামিলসহ অন্যরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

অনুষ্ঠানে নবযোগদানকারী ও জামায়াত নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, ব্যবসায়ী আবুল আয়েশ খান, বিএনপি নেতা ইয়াকুব সরকার, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

ইত্তেফাক/এনএন