বিটিভি সাড়ে পাঁচ দশকের ঐতিহ্যবাহী লাল-সবুজের লোগো পরিবর্তনের উদ্যোগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩৮

সাড়ে পাঁচ দশকের পুরোনো ঐতিহ্যবাহী লাল-সবুজ লোগো পরিবর্তনের লক্ষ্যে নতুন নকশা ও ধারণা আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তবে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, ইমদাদ হোসেন ও মুস্তাফা মনোয়ারের মতো বরেণ্য শিল্পীদের যৌথ ভাবনায় তৈরি এই ঐতিহাসিক প্রতীকটি বদলানোর পদক্ষেপে সংস্কৃতি অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে।

গত রোববার রাতে বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বিজ্ঞপ্তিতে ‘নতুন রূপে বিটিভি’ স্লোগান দিয়ে সাধারণ দর্শক ও ডিজাইনারদের কাছ থেকে লোগোর আইডিয়া চাওয়া হয়। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে [email protected] ঠিকানায় প্রস্তাবিত নকশা পাঠানোর অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যম। স্বাধীনতা-পরবর্তী সময়ে তৈরি হওয়া এই ঐতিহাসিক লোগোটি রূপান্তরের ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম ও শিল্পাঙ্গনে সমালোচনার ঝড় ওঠে।

বিতর্কের বিষয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন জানান, বর্তমান তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’র ভাবনা বোঝার জন্যই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটি লোগো পরিবর্তনের চূড়ান্ত কোনো পদক্ষেপ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আসলে দর্শকদের কাছ থেকে নতুন আইডিয়া ও দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছি। বিটিভিকে আধুনিক করতে অনুষ্ঠানমালা, পুরোনো আর্কাইভ সংরক্ষণ, বিলিং পলিসি ও সার্বিক উপস্থাপনায় বড় ধরনের কাঠামোগত সংস্কার আনা হচ্ছে। এই লোগোর সঙ্গে মানুষের গভীর আবেগ জড়িত। যেসব কীর্তিমান শিল্পী এর সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অবদান কোনোভাবেই খাটো করা হবে না।’ ভবিষ্যতে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হলে তা সংশ্লিষ্ট জ্যেষ্ঠ শিল্পীদের সঙ্গে পরামর্শ করেই করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বিটিভির এই পদক্ষেপকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে যুক্ত থাকা প্রবীণ অভিনেতা কেরামত মওলা। লোগোর নকশার পেছনের ইতিহাস ও তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, ‘একটি টেলিভিশন পর্দার ভেতর থেকে উদীয়মান লাল সূর্য মূলত বিটিভির প্রতিটি সম্প্রচারের মাধ্যমে নতুন দিনের আলো ও আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রতীক। কামরুল হাসান, ইমদাদ হোসেন ও মুস্তাফা মনোয়ারের চিন্তায় গড়ে ওঠা এই অনন্য প্রতীকের চেয়ে অর্থবহ লোগো আর হতে পারে না। এটি পরিবর্তন করার সিদ্ধান্ত মোটেও সমীচীন নয়।’

একই অভিমত ব্যক্ত করেছেন বিটিভির সাবেক উপমহাপরিচালক খ ম হারুন। তিনি জানান, রাষ্ট্রীয় জনসম্পত্তি হিসেবে বিটিভির মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে হঠাৎ কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে ঐতিহাসিক লোগো বদলে ফেলা অনুচিত। তার মতে, প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও রূপান্তর নির্ভর করে মানসম্মত কনটেন্টের ওপর, সিগনেচার লোগো পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিবর্তন সম্ভব নয়।

ইত্তেফাক/এনএন

এ সম্পর্কিত আরও পড়ুন