দেশে প্ৰথম সফল রোবোটিক সার্জারি সম্পন্ন হয়েছে ইউনাইটেড হেলথকেয়ারে। প্রতিষ্ঠানটিতে পিত্তথলিতে পাথর থাকা ৫৭ বছর বয়সি একজন পুরুষ রোগীর ‘রোবটিক কোলেসিস্টেক্টমি' সফলভাবে সম্পন্ন করেন এন্ডো-ল্যাপারোস্কপিক অ্যান্ড রোবোটিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। অন্যদিকে, জরায়ু থেকে অস্বাভাবিক রক্তক্ষরণে ভোগা ৪৫ বছর বয়সি একজন নারী রোগীর ‘রোবটিক হিস্টেরেক্টমি' সম্পন্ন করেন প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামসাদ জাহান (শেলি)। বিশেষজ্ঞ একদল চিকিৎসকের সহায়তায় এই অস্ত্রোপচারে বিশ্বের অন্যতম আধুনিক ‘মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট' ব্যবহার করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার বাংলাদেশে নিয়মিত এই রোবটিক সার্জারি সেবার যাত্রার সূচনা হয়েছে। ভবিষ্যতে ক্যানসারসহ বিভিন্ন জটিল অস্ত্রোপচারেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ঢাকার মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ। এতে চিকিৎসকরা রোবোটিক সার্জারির সাফল্য, অভিজ্ঞতা এবং দেশে এ প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। এতে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড কলেজ হসপিটালের চেয়ারম্যান গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন।
মেডিকেল ও সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, এই প্রযুক্তিতে অস্ত্রোপচারে শরীরের অত্যন্ত সংকীর্ণ ও জটিল অংশে সহজে ও নিয়ন্ত্রিতভাবে প্রবেশ করা সম্ভব হয়। এছাড়া রক্তক্ষরণ ও টিস্যুর ক্ষতি অনেক কম হয়, যার ফলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
অধ্যাপক ডা. রফিকুস সালেহীন জানান, প্রথম রোগী ছিলেন ডায়াবেটিসে আক্রান্ত একজন পুরুষ, যিনি দীর্ঘদিন ধরে পিত্তথলির ব্যথায় ভুগছিলেন। তিনি বলেন, ‘এতদিন আমরা এই অপারেশন ল্যাপারোস্কপির মাধ্যমে করতাম। এখন একই অপারেশন সফলভাবে রোবটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করেছি। অস্ত্রোপচারের পর রোগীর জ্ঞান ফিরেছে, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। '
অধ্যাপক ডা. শামসাদ জাহান (শেলি) বলেন, রোবটিক সার্জারি কার্যক্রম শিগগিরই কার্ডিয়াক সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি এবং থোরাসিক সার্জারিতে সম্প্রসারিত হবে।
সার্জারির খরচ সম্পর্কে ডা. সালেহীন জানান, বর্তমানে একটি রোবটিক অস্ত্রোপচারের খরচ ল্যাপারোস্কপিক সার্জারির তুলনায় প্রায় আড়াই থেকে তিন গুণ বেশি হবে। তবে ভবিষ্যতে খরচ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড হেলথকেয়ারের মেডিক্যাল সার্ভিসেসের পরিচালক ডা. আজহারুল ইসলাম খান; এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোফাসসেল উদ্দীন আহমেদ।

