বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট কাটাতে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া পরিশোধে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য দেন।
বন্ধ থাকা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট দ্রুত চালু করা, এলএনজি সরবরাহ স্বাভাবিক করা এবং ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগের কথাও জানান তিনি। এসব পদক্ষেপে সেপ্টেম্বরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, ২১ জুলাই ত্রুটি দেখা দেওয়ায় বন্ধ হয়ে যাওয়া মহেশখালীর এলএনজি টার্মিনালটি (এফএসআরইউ) ১৫ অগাস্ট আবার পূর্ণ ক্ষমতায় চালু করা হয়েছে। তবে ওই ত্রুটির কারণে গ্যাস সরবরাহ শৃঙ্খলে যে সমস্যা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এখন পর্যন্ত সরবরাহ ব্যবস্থার ৮৮ শতাংশ স্বাভাবিক করা সম্ভব হয়েছে। সেপ্টেম্বরের প্রথম ভাগে পুরো সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা যাবে বলে তিনি আশা করছেন। এফএসআরইউ হলো সমুদ্রে ভাসমান অবকাঠামো, যেখানে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সংরক্ষণ করে আবার গ্যাসে রূপান্তর করা হয়।
মন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক করা গেলে বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি শিল্প ও গৃহস্থালি খাতেও পর্যাপ্ত গ্যাস দেওয়া সম্ভব হবে। এতে বিদ্যুৎ পরিস্থিতিরও কিছুটা উন্নতি হবে। চাহিদা ও বিদ্যুৎ সরবরাহের মধ্যে বড় ঘাটতি থাকায় ব্যয়বহুল ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও বেশি চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

