এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা!

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১২

রিয়াল মাদ্রিদের তারকা ও ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা করেছিল একটি অপরাধী চক্র। ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপ্পেসহ ফুটবলার, র‍্যাপ শিল্পী ও বিপুল সম্পদের মালিক ব্যবসায়ী মিলিয়ে মোট ২৬ জনকে অপহরণের লক্ষ্যবস্তু করা হয়েছিল।

স্প্যানিশ সংবাদপত্র ‘মার্কা’ জানিয়েছে, এ ঘটনায় ‘লেস্টার জেড’ ছদ্মনামে অপরাধী সংগঠন পরিচালনার অভিযোগে ১৮ বছর বয়সী ক্লেমঁ এল নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে ফরাসি কর্তৃপক্ষ।

অভিযুক্ত তরুণ এরই মধ্যে সশস্ত্র ডাকাতি ও দালালি সংক্রান্ত অপরাধে কারাদণ্ড ভোগ করছেন। তবে কারাগারে থেকেও তিনি অপরাধী চক্রটির কার্যক্রম পরিচালনা করছিলেন বলে তদন্তে উঠে এসেছে। স্ন্যাপচ্যাটের মাধ্যমে বাইরে থাকা সহযোগীদের বিভিন্ন নির্দেশ দিতেন তিনি।

গত এপ্রিল মাসে প্যারিসের অভিজাত এলাকা নুই-সুর-সেনে একটি বিলাসবহুল ঘড়ির দোকানে ডাকাতির তদন্ত করতে গিয়ে পুলিশ ওই চক্রের সন্ধান পায়।

অভিযুক্তের দুটি মোবাইল ফোন তল্লাশি করে ২৬ জন সম্ভাব্য অপহরণ লক্ষ্যবস্তুর ঠিকানা ও বিভিন্ন তথ্য উদ্ধার করেন তদন্তকারীরা। তালিকায় ফুটবলার, র‍্যাপ শিল্পী এবং বিপুল সম্পদের মালিক ব্যবসায়ীদের নাম ছিল।

এক বিচারিক সূত্র জানিয়েছে, তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নামগুলোর একটি ছিল এমবাপ্পের। তার পাশাপাশি ছিলেন একজন র‍্যাপ সংগীতশিল্পী ও কয়েকজন ধনী ব্যবসায়ী। তাদের মধ্যে একজন জুয়েলারি ব্যবসায়ী, একজন তুরস্কের মাংস ব্যবসায়ী এবং একজন চীনা ব্যবসায়ীও ছিলেন বলে জানা গেছে।

এদিকে এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনার খবর প্রকাশ্যে আসার পর ফ্রান্সজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহরণের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকার শীর্ষস্থানীয় নামগুলোর মধ্যে ছিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা ও ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক।

 

সূত্র: গোলডটকম

ইত্তেফাক/এমএসআর