চট্টগ্রাম বন্দর কার্ভাটভ্যান মালিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রমিক নেতা আবু সাঈদ হারুন। তিনি চট্টগ্রাম মহানগরের সাবেক ৩৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ডক-বন্দর অঞ্চল শ্রমিক দলের সাবেক নেতা।
সংগঠন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার আদায় ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আবু সাঈদ হারুন। তার অনুসারীদের দাবি, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি শ্রমিকদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন।
আবু সাঈদ হারুনের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ২৫টি মামলা দায়ের করা হয়েছিল এবং এসব মামলায় তাকে কারাবরণ করতে হয়েছে। বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হলেও তিনি দলীয় কর্মকাণ্ড ও শ্রমিকদের পাশে থাকা থেকে সরে যাননি বলেও তার ঘনিষ্ঠরা জানান।
চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অধিকার আদায়ের আন্দোলনে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তাদের কাছে তিনি আস্থার ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন বলে সমর্থকদের দাবি।
নতুন দায়িত্ব গ্রহণের পর আবু সাঈদ হারুন বলেন, আমি সবসময় শ্রমিকদের পাশে ছিলাম, আছি এবং থাকব। শ্রমিকদের অধিকার রক্ষা, তাদের কল্যাণ এবং ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কাজ করে যাব।
তিনি জানান, কার্ভাটভ্যান মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষা, পেশাগত সমস্যা সমাধান এবং সংগঠনকে আরও শক্তিশালী করাই তার অগ্রাধিকার হবে।
শ্রমিক নেতৃত্বের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও আবু সাঈদ হারুনের পরিচিতি রয়েছে। তার দাবি, জাপানি অংশীদারদের সঙ্গে যৌথভাবে গড়ে তোলা ফুমাহা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফুমাহা প্রোপার্টিজ ও মা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

