বিদেশের মাটিতে বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ার পর এবার দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসেও নতুন উচ্চতায় উঠলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত ৩৫০ রান করেন এই ব্যাটার। যা বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের করা ৫১২ রানের জবাবে ৮ উইকেটে ৬৭৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ ‘এ’ দল। এতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬৪ রানের লিড পেয়েছে সফরকারীরা।
হৃদয়ের ৩৫০ রানের ইনিংসটি বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। একই সঙ্গে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ব্যাটার হিসেবে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
এর আগে বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন রকিবুল হাসান ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। ২০০৭ সালে ফতুল্লায় বরিশাল বিভাগের বিপক্ষে সিলেট বিভাগের হয়ে অপরাজিত ৩১৩ রান করেছিলেন রকিবুল।
অন্যদিকে ২০২০ সালে মিরপুরে ইস্ট জোন ও সেন্ট্রাল জোনের ম্যাচে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। এতদিন সেটিই ছিল বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
তবে হৃদয়ের ৩৫০ রানের অপরাজিত ইনিংসে ছাড়িয়ে গেলেন তামিম ও রকিবুল দুজনকেই। ফলে দেশ-বিদেশ মিলিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন হৃদয়ের দখলে।
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ট্রিপল সেঞ্চুরি হয়েছে তিনটি। আর তিনটির মধ্যে সর্বোচ্চ রানের মালিক হয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন তাওহীদ হৃদয়।

