রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে সংগঠনটির সভাপতি মীর সরফত আলী সপু এবং সদস্য কামরুজ্জামান রতন এমপির নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই অভিনন্দন জানায়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে নিজের অতীত দিনগুলোর স্মৃতিচারণ করেন। বিদ্যাপীঠটির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘এক সময় ঢাকা কলেজ দেশের সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ ছিল। দেশের রাজনীতি, নেতৃত্ব, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসক ও আলোকিত মানুষ তৈরিতে ঢাকা কলেজ বিশাল অবদান রেখেছে।’

প্রতিষ্ঠানের একজন প্রাক্তন ছাত্র ও শিক্ষক রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়ায় ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেন। এ সময় তাঁরা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ইত্তেফাক/এনএন