সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালন সবার গণতান্ত্রিক অধিকার হলেও ‘রোড মার্চ’-এর নামে জনগণের জানমালের ক্ষতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কারো কোনো কাজে বাধা সৃষ্টি করবে না। সভা-সমাবেশ, মিটিং-মিছিলসহ রাজনৈতিক কর্মসূচি পালন সবার গণতান্ত্রিক অধিকার। তবে রোড মার্চের নামে কেউ জনগণের জানমালের কোনো ক্ষতি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রসঙ্গে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, পাহাড়ি জনপদে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গ্রামীণ চিকিৎসার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
একইসঙ্গে পার্বত্য অঞ্চলকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি বজায় রাখার তাগিদ দেন তিনি।
রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক প্রতিরোধ এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মো. রকিব উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

