ইরানজুড়ে একযোগে ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর যেকোনো মুহূর্তে দেশটিতে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ওয়াশিংটন যেকোনো সময় তাদের ইচ্ছে অনুযায়ী পরবর্তী আক্রমণ চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ট্রাম্প নিশ্চিত করেন, তাদের হামলায় ইরানের কেবল রাডার ব্যবস্থাই নয়, বরং আরও অনেক সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় মাইন ফেলার রকেট তৈরি এবং রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্নির্মাণের চেষ্টা ভেস্তে দিতে এই আগ্রাসন চালানো হয়। তবে গত জুলাইয়ের পর দুই দেশের মধ্যে এটি সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা হলেও নতুন এই অভিযান খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না বলে রয়টার্সের বরাতে তিনি দাবি করেন।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানি বাহিনীর ধারাবাহিক আক্রমণের পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সতর্ক করে জানিয়েছেন, ইরান থেকে হামলা চালানো হলে তার দেশ চরম শক্তি প্রয়োগের মাধ্যমে পাল্টা জবাব দেবে।
ওয়াইনেট ও ইয়েদিওথ আহারোনোথ আয়োজিত এক সম্মেলনে তিনি জানান, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হতে যাওয়া ইহুদিদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো হামলা মোকাবেলায় তাদের বাহিনী প্রস্তুত রয়েছে।
ইসরায়েল কাৎজ বলেন, ‘এখন পর্যন্ত তারা আমাদের ছাড়া পুরো অঞ্চলজুড়ে আঘাত হানছে। তবে তারা আমাদের ওপর আক্রমণ চালাবে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং সুরক্ষার দিক থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’ তিনি আরও যোগ করেন, ইরান আক্রমণ করলে অন্য কারও সাহায্য ছাড়াই তাদের যুদ্ধবিমান আকাশপথে বড় জবাব দিতে প্রস্তুত রাখা হয়েছে।
সূত্র: ডন

