যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং আরও ১৪২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের এক স্বাস্থ্য কর্মকর্তা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কারমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, গত ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬১ জন নারী ও ৪৪ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে এবং নিহতদের মধ্যে দুইজন নারী ও একটি শিশু অন্তর্ভুক্ত রয়েছে।
কারমানপুর এক পোস্টে বলেন, ‘প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ এবং একটি পরিবার দাঁড়িয়ে থাকে।’
গত রোববার লারাক দ্বীপে মার্কিন হামলার মাধ্যমে দীর্ঘ এক মাসের নীরবতা ভেঙে নতুন করে সামরিক সংঘাত শুরু হয়। সামুদ্রিক মাইন বহনকারী রকেট মোতায়েনের প্রস্তুতি পর্যবেক্ষণ করে দুইটি ইরানি লঞ্চারে হামলা চালানো হয়েছে বলে ওয়াশিংটন জানায়।
এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকসহ প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। পরবর্তীতে মঙ্গলবার গভীর রাতে মধ্যপ্রাচ্যে মার্কিন কার্যক্রম তদারককারী সেন্টকম ইরানের অভ্যন্তরে আইআরজিসি লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালায়।
শত্রুতা অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার লক্ষ্যে ২০২৬ সালের ১৮ জুনের সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পর থেকে এই লড়াই চলছে। বাস্তবায়ন নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় জুলাই মাসে পুনরায় সংঘর্ষ শুরু হয়েছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি

