উজবেকিস্তানে অনুষ্ঠানরত এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল বাছাইয়ের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ। আজ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় খেলা, বিকাল ৫টায় বাংলাদেশ খেলবে সিরিয়ার বিপক্ষে।
সোমবার সিরিয়াকে প্রথম ম্যাচেই হারিয়েছিল ভারত। আর একই দিনে বাংলাদেশ প্রবাসী ফুটবলার নিয়েও জিততে পারেনি। স্বাগতিক উজবেকিস্তান ২-০ গোলে জিতেছিল।
আজ সিরিয়াকে না হারাতে পারলে বাংলাদেশের আশার প্রদীপ নিভেই যাবে বলা যায়। গ্রুপ চ্যাম্পিয়ন চূড়ান্ত পর্বে উঠবে। সেরা রানার্সআপ হয়েও চুড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ আছে। তবে সেটি বাংলাদেশের যুবারা গ্রহণ করতে পারবেন কিনা সন্দেহ রয়েছে।
দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্সের সঙ্গে সহকারি কোচ আতিকুর রহমান মিশুর অপ্রীতিকর ঘটনায় উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের দিন মিশুকে গ্যালারিতে দেখা গেছে। হেড কোচ জেরার্ড জোন্স তার সঙ্গে কথা বলছেন না। এসব পরিস্থিতি পেছনে ফেলে ম্যাচ নিয়ে ভাবছেন সবাই।

