গাজীপুরে হঠাৎ শিয়ালের উৎপাত, আক্রমণে আহত ২০

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৬

গাজীপুরের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে দুই গ্রামের অন্তত ২০ জন বাসিন্দা আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি গবাদিপশু শিয়ালের আক্রমণে আহত হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ এলাকাবাসী তিনটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের ঢুলিগড়া ও ভাল্লুকবের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল থেকে গ্রামের বিভিন্ন স্থানে শিয়ালগুলো গবাদিপশুর ওপর আক্রমণ শুরু করে। বৃহস্পতিবার সকালে তারা পথচারী ও কর্মজীবী মানুষকেও কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আত্মরক্ষায় এলাকাবাসী একত্রিত হয়ে তিনটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেন।

ঢুলিগড়া গ্রামের বাসিন্দা সুকুমার বর্মণ জানান, বৃহস্পতিবার সকালে ৫/৭ জন গ্রামবাসী বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝোপের ভেতর থেকে শিয়াল বের হয়ে তাদের ওপর আক্রমণ। এতে দুজন আহত হন।

চাপাইর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. সবুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েকদিনে ঢুলিগড়া ও ভাল্লুকবের এলাকার আলমাস, দুখাই মাতবর, হরিদাসী, আবুল হোসেন, মিম আক্তার ও মিনারের স্ত্রীসহ কমপক্ষে ২০ জন শিয়ালের কামড়ে আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসনিম জাহান মুনমুন জানান, শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পর্যাপ্ত ভ্যাকসিন মজুত আছে এবং গুরুতর আহতদের জন্যও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

ইত্তেফাক/এপি